কুমিল্লার লালমাই উপজেলায় এক মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন   |   জেলার খবর

কুমিল্লার লালমাই উপজেলায় এক মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


কামাল হোসেন (লালমাই প্রতিনিধি): 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের খিলপাড়া গ্রামস্থ আল-মোকাররম মাদরাসার সিঁড়ির রেলিং থেকে গলায় গামছা পেঁছানো  ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে লালমাই থানা পুলিশ। 

নিহত মহিন উদ্দীন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার  বারপাড়া ইউনিয়নের বড় ধর্মপুর গ্রামের সৌদি আরব প্রবাসী ইয়াছিন মিয়ার ছোট ছেলে। সে আল মোকারম মাদরাসা থেকে কোরআন হিফজ সম্পন্ন করে এবছর মাদরাসার মসজিদে রমজানের তারাবির নামাজের ইমামতি করছেন। তার বড় আবুল বাশার একই মাদরাসায় অধ্যয়ন করছে।  

মাদরাসার মোহতামিম মাওলানা মাজহারুল ইসলাম বলেন, নিহত মহিন উদ্দিন আমার মাদরাসার মেধাবী শিক্ষার্থী। সে এবছর মাদরাসায় তারাবির নামাজের ইমামতিও করছেন। আজ সেহরি শেষে সে নিজে ফজরের আজান দেয় এবং  নামাজের পর সবাই ঘুমিয়ে পড়ে। সকাল অনুমান ৯টার পর জানতে পারি মহিন মাদরাসা ভবনের সিঁড়ির রেলিং এর সাথে ঝুলে গলায় গামছা পেঁছিয়ে আত্মহত্যা করে। 

নিহতের বড় ভাই আবুল বাশার বলেন, আমি ও আমার ভাই এই মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করেছি। রোযা রেখে ফজরের নামাজ পড়ে আমরা  ঘুমিয়ে পড়ি। কখন আমার ভাই উঠে আত্মহত্যা করেছে আমি বুঝতে পারিনি। হঠাৎ ভাইকে ঝুলতে দেখে তার কোমরে একটি চিরকুট দেখতে পাই। চিরকুটটি ২ লাইন পড়া শেষ করতেই কেউ একজন টেনে নিয়ে যায়। চিরকুটটি পেলে হয়ত তার মৃত্যুর কারন জানা যাবে। 

লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরুজ্জামান বলেন, খবর পেয়ে মাদরাসা ছাত্রটির ঝুলন্ত মরদেহ আজ সকাল ১০টায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের নিজ হাতে লেখা চিরকুটটি উদ্ধারের চেষ্টা করতেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেলার খবর এর আরও খবর: