লালমাইয়ে মাদক ও মোবাইলের টাকা নিয়ে পূর্বের বিরোধে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৩

 প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন   |   জেলার খবর

লালমাইয়ে মাদক ও মোবাইলের টাকা নিয়ে পূর্বের বিরোধে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৩

কামাল হোসেন: 


কুমিল্লার লালমাইয়ে মোবাইল ফোনের টাকা ও মাদকসংক্রান্ত বিরোধের জেরে আবদুর রশিদ (৩৯) নামে এক ট্রাক্টর চালককে কয়েকজন মিলে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে চারজনকে আসামি করে লালমাই থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পর পুলিশ তিন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। অপর আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের উৎসবপদুয়া রেলগেটের প্রায় ৩০০ গজ দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম রেলপথের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে মোবাইল ফোনের টাকা ও মাদকসংক্রান্ত বিষয় নিয়ে আবদুর রশিদের সঙ্গে অভিযুক্তদের বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে এলাকায় একটি সালিশ বৈঠকও অনুষ্ঠিত হয়। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে উৎসবপদুয়া রেলগেটের দক্ষিণে রেললাইনের পশ্চিম পাশে আবদুর রশিদের সঙ্গে অভিযুক্তদের কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে আবদুর রশিদ মোবাইল ফোনে কথোপকথন রেকর্ড করার চেষ্টা করলে অভিযুক্তরা উত্তেজিত হয়ে তাকে কিল-ঘুষি, চড়-থাপ্পড় ও লাথি মারেন বলে অভিযোগ করা হয়েছে। পরে তাকে রেললাইনের পাশে ফেলে রেখে অভিযুক্তরা চলে যান।

ঘটনার পর স্থানীয়রা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আবদুর রশিদকে উদ্ধার করে। পরে তাকে হরিশ্চর ডক্টরস ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ সময় উত্তেজিত স্থানীয় জনতা অভিযুক্তদের মধ্যে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

নিহত আবদুর রশিদ উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত আবুল কালামের ছেলে। তিনি পেশায় ট্রাক্টর চালক এবং দুই সন্তানের জনক।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন—কুমিল্লার মেঘনা উপজেলার সাতানি গ্রামের মনির হোসেনের ছেলে আলামীন (৩৮), ব্রাহ্মণবাড়িয়া জেলার মুগরা গ্রামের আবদুল বারিকের ছেলে আবদুল মান্নান (৩৩), পেরুল উত্তর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আলী আক্কাসের ছেলে মহিন উদ্দিন (৩৪) এবং উৎসবপদুয়া গ্রামের রৌশন আলীর ছেলে রাকিবুল ইসলাম (২৫)।

লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, মোবাইল ফোন নিয়ে পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অভিযুক্তরা মাদকের সঙ্গে জড়িত বলেও তথ্য পাওয়া গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। তিন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জেলার খবর এর আরও খবর: