অর্থায়ন পেলে ঘুরে দাঁড়াতে পারে পদ্মা ব্যাংক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন | অর্থ ও বাণিজ্য
এক দশকের বেশি সময় ধরে অনিয়ম, লুটপাট, ঋণ কেলেঙ্কারি ও অব্যবস্থাপনার ভারে কার্যত পঙ্গু হয়ে পড়েছে চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক। নাম পরিবর্তন কিংবা আর্থিক সহযোগিতার পরও ঘুরে দাঁড়াতে পারেনি ব্যাংকটি। বিপুল খেলাপি ঋণ, মূলধন ও তারল্য সংকটে ভুগতে থাকা ব্যাংকটির ওপর আস্থা হারিয়েছেন আমানতকারীরাও। ২০১৩ সালে ফারমার্স ব্যাংক নামে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির সংকট কয়েক বছরের মধ্যেই প্রকাশ্যে আসে। অনিয়ম ও ঋণ বিতরণে দুর্নীতির অভিযোগের পর ২০১৯ সালের ২৯ জানুয়ারি ব্যাংকটির নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক করা হয়। পুনর্গঠন করা হয় পরিচালনা পর্ষদ। সরকারি চার ব্যাংক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ব্যাংকটির ৬৮ শতাংশ শেয়ারের মালিকানা নেয়। মূলধন জোগান ও বিভিন্ন নীতিগত সহায়তার উদ্যোগও নেওয়া হয়। কিন্তু এসব উদ্যোগের কোনোটিই ব্যাংকটির মৌলিক সংকট কাটাতে পারেনি। এমন প্রেক্ষাপটে ব্যাংকটি চালু রাখা বা অন্য কোনো ব্যাংকের সঙ্গে একীভূত করা হবে, নাকি শেষ পর্যন্ত কার্যক্রম গুটিয়ে ফেলা হবে—এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদি ব্যাংকটি অবসায়ন করা হয়, তাহলে রাষ্ট্রায়ত্ত ১০ প্রতিষ্ঠানের আটকে থাকা প্রায় ২ হাজার ৩৩ কোটি টাকার দায় কার—উঠছে সেই প্রশ্নও।
জানা গেছে, পদ্মা ব্যাংকে আমানতকারীর মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত বেশকিছু প্রতিষ্ঠানও। এর মধ্যে শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের ব্যাংকটিতে আমানত রয়েছে প্রায় ২ হাজার ৩৩ কোটি টাকা। এ আমানতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে জলবায়ু মোকাবিলা তহবিল, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), জীবন বীমা করপোরেশন, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল), রেভিনিউ কালেকশন অ্যাকাউন্ট (বিপিডিবি), তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, মোংলা বন্দর কর্তৃপক্ষ এবং বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। খাত-সংশ্লিষ্টদের মতে, সম্মিলিত ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের মতো অর্থায়ন করা হলে পদ্মা ব্যাংক ঘুরে দাঁড়াতে পারে। কারণ, এ ব্যাংকটির পর্ষদ পরিচালনা করছেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা (এমডিরা)।
আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর ব্যাংকটির প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান। দায়িত্বে থাকাকালে তার বিরুদ্ধে সাড়ে ৩ হাজার কোটি টাকা বেপরোয়া ঋণ বিতরণের অভিযোগ রয়েছে। আরেক সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের বিরুদ্ধের বিস্তর অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ব্যাংকের অর্থ ও সম্পদ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে অর্থ পাচারের মামলাও হয়েছে। ব্যাংকটি এখন এ দুজনেরই নিয়ন্ত্রণের বাইরে। মহিউদ্দিন খান আলমগীর দেশের বাইরে অবস্থান করছেন; নাফিজ সরাফাতও দেশে নেই। ফলে ব্যাংকটির বিপর্যয়ের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত অর্থ উদ্ধারের বিষয়টি অনিশ্চয়তায় পড়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৩০ জুন ২০২৬ পর্যন্ত পদ্মা ব্যাংকের মোট ঋণের প্রায় ৯০ শতাংশই খেলাপি। মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৬ হাজার ২২৪ কোটি টাকা। তারল্য ঘাটতি ৫ হাজার ১২২ কোটি টাকা। অন্যদিকে, ব্যক্তি আমানতকারীদের প্রায় ৩ হাজার কোটি টাকা আটকে রয়েছে। এ ছাড়া, অর্থঋণ আদালতে প্রায় ১ হাজার ৮০০ মামলায় বিপুল পরিমাণ অর্থ আটকে আছে। এর মধ্যে সরকারি বিভিন্ন ব্যাংক, প্রতিষ্ঠান ও সংস্থার অর্থও রয়েছে। এমন পরিস্থিতিতে ব্যাংকটির পরিচালকদের একটি অংশ নতুন করে ৬ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা চেয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের একটি অংশ মনে করছে, পদ্মা ব্যাংকের সংকট শুধু অর্থের অভাব নয়; বরং দীর্ঘদিনের অনিয়ম, বিপুল মন্দ ঋণ, পুঞ্জীভূত লোকসান ও সুশাসনের ঘাটতি ব্যাংকটির ভিত্তিকে দুর্বল করে দিয়েছে। ব্যাংকটিকে ঘুরে দাঁড়াতে হলে এখন বিপুল অর্থের পাশাপাশি দরকার সুশাসন নিশ্চিত করে, খেলাপি ঋণ আদায় করা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে পুঞ্জীভূত লোকসান কমিয়ে আনা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ‘ব্যাংকের বর্তমান যে নাজুক পরিস্থিতি, তাতে কোনো প্রতিষ্ঠান বা ব্যাংক স্বেচ্ছায় পদ্মা ব্যাংকের দায়িত্ব বা এর নিয়ন্ত্রণ নিতে চাইবে না। ব্যাংকটির মন্দ ঋণ, পুঞ্জীভূত লোকসান এবং মূলধন ঘাটতি এতটাই বেশি যে, তা কাটিয়ে ওঠা সাধারণ প্রক্রিয়ায় অসম্ভব। বর্তমান পরিস্থিতিতে পদ্মা ব্যাংককে টিকিয়ে রাখা বা কোনো ব্যাংকের সঙ্গে একীভূত করা অত্যন্ত কঠিন। সরকারি আমানত কীভাবে আদায় করা হবে, সেটা নিয়ে ব্যাংকটিকে নতুন করে পরিকল্পনা সাজাতে হবে।’
সাড়ে ৩ হাজার কোটি টাকার ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ: পদ্মা ব্যাংকের আর্থিক বিপর্যয়ের সূত্রপাত ব্যাংকটি ‘ফারমার্স ব্যাংক’ নামে থাকার সময় থেকেই। ২০১৩ সালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে যাত্রা শুরু করে ব্যাংকটি। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে ঋণ বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে।
ব্যাংকটির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মো. তালহা কালবেলাকে বলেন, মহিউদ্দিন খান আলমগীর চেয়ারম্যান থাকাকালে প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়। এসব ঋণের বড় অংশ পরবর্তী সময়ে আদায় হয়নি। ঋণ অনুমোদনের ক্ষেত্রেও তৎকালীন চেয়ারম্যানের প্রভাব ছিল।
ব্যাংক-সংশ্লিষ্ট সূত্রের দাবি, অনেক ক্ষেত্রে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ না করেই ঋণ অনুমোদনের নথিতে আগাম স্বাক্ষর করতেন তৎকালীন চেয়ারম্যান মহিউদ্দিন খান আলমগীর ও অডিট কমিটির চেয়ারম্যান বাবুল চিশতি। এসব ঋণের বড় অংশ খেলাপি হয়ে পড়লেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
ব্যাংকের কর্মকর্তাদের দাবি, ঋণ অনিয়ম নিয়ে প্রশ্ন তোলা কর্মকর্তাদের বিভিন্ন সময় চাপ ও হুমকির মুখে পড়তে হয়েছে। ফলে অনিয়মের দায় নির্ধারণ এবং অর্থ উদ্ধারের উদ্যোগও বাধাগ্রস্ত হয়েছে।
সাবেক এমপি মকবুলের বিরুদ্ধে অস্ত্রের মুখে ৫৪০ কোটি টাকা নেওয়ার অভিযোগ: ব্যাংকটির সংকট আরও ঘনীভূত হয় ২০১৭ সালের দিকে। তখন ব্যাংকের তহবিল প্রায় শূন্যের কাছাকাছি চলে আসে। পরিস্থিতি সামাল দিতে রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) মিলে ৭১৫ কোটি টাকা সহায়তা দেয়। সেই অর্থের বড় অংশই ব্যাংকের কাজে লাগেনি বলে অভিযোগ রয়েছে। ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুর রহমানের দাবি, তৎকালীন আওয়ামী লীগের সংসদ সদস্য মকবুল হোসেন ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরুর কাছ থেকে অস্ত্রের মুখে প্রায় ৫৪০ কোটি টাকা নিয়ে যান। অবশিষ্ট অর্থ আমানতকারীদের পাওনা পরিশোধে ব্যয় হয়। পুরো অর্থ ব্যাংকের হাতে থাকলে অন্তত কয়েক হাজার আমানতকারীকে পর্যায়ক্রমে টাকা ফেরত দিয়ে প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখার সুযোগ ছিল। সংশ্লিষ্ট সংসদ সদস্য ২০২১ সালে মারা যান। ফলে অস্ত্রের মুখে ব্যাংকটির অর্থ নিয়ে যাওয়ার অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানার সুযোগ নেই।
নিজের জমানো টাকাও তুলতে পারছেন না গ্রাহক: পদ্মা ব্যাংকের বিপর্যয়ের সবচেয়ে বড় ভুক্তভোগী সাধারণ আমানতকারীরা। দীর্ঘদিন ধরে ব্যাংকটিতে টাকা জমা রেখেও প্রয়োজনের সময় তা তুলতে পারছেন না তারা।
২০২৫ সালের জানুয়ারিতে ব্যাংকটির গুলশান শাখায় মেয়াদি আমানতের ১ লাখ টাকা তুলতে গিয়ে ব্যর্থ হন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী মহিবুল্লাহ। এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও নিজের জমানো অর্থ ফেরত পাননি তিনি। তার মতো হাজার হাজার গ্রাহকের আমানত আটকে রয়েছে। গত ৩ নভেম্বর পাওনা টাকা ফেরতের দাবিতে ব্যাংকটির গুলশানের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন গ্রাহকরা। পরে ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের উপকমিশনারের মধ্যস্থতায় পর্যায়ক্রমে টাকা পরিশোধের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।
ব্যাংকটির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মো. তালহা বলেন, ব্যাংকে যে অর্থ আদায় হচ্ছে, তা দিয়েই ছোট ছোট অঙ্কে গ্রাহকদের পাওনা পরিশোধের চেষ্টা চলছে। কর্মীদের হিসাবে বেতন জমা হলেও নগদ অর্থের সংকটের কারণে তারা একসঙ্গে সেই টাকা তুলতে পারছেন না।
নাফিজ সরাফাতের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে মাসে ৬০ লাখ টাকা ভাড়া: ব্যাংকের আর্থিক সংকটের মধ্যেও সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ডায়নেস্টি হোমসের কাছ থেকে নেওয়া ভবনের ভাড়া বাবদ প্রতি মাসে প্রায় ৬০ লাখ টাকা পরিশোধ করছে পদ্মা ব্যাংক।
রাজধানীর গুলশান-২-এর ফাইন্যান্স স্কয়ার ভবনে ২০২২ সালে ব্যাংকের প্রধান কার্যালয় স্থানান্তর করা হয়। তখন নাফিজ সরাফাত ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন। প্রতি বর্গফুট ২৫০ টাকা হিসাবে প্রায় ২৪ হাজার বর্গফুট জায়গার জন্য ভাড়া নির্ধারণ করা হয় ৬০ লাখ টাকা। সেখানে প্রধান কার্যালয়ের পাশাপাশি একটি মূল শাখা ও একটি ইসলামী ব্যাংকিং শাখাও পরিচালিত হচ্ছে।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অনুসন্ধানে উঠে এসেছে, ভবনটির জন্য ব্যাংকটি প্রায় ১৪ কোটি ৭ লাখ টাকা অগ্রিম দিয়েছিল। ভবনটির সঙ্গে নাফিজ সরাফাতের স্ত্রী আঞ্জুমান আরা শহীদ এবং তাদের নাবালক ছেলে রাহিব সাফওয়ান সরাফাত চৌধুরীর সংশ্লিষ্টতার তথ্যও পাওয়া গেছে। ব্যাংকটির ভারপ্রাপ্ত এমডির মতে, গুলশানের লোটাস কামাল টাওয়ারের তুলনায় এখানে প্রতি স্কয়ার ফুট ভাড়া প্রায় ৫০০ টাকা কম। এতে বছরে ব্যাংকের কয়েক কোটি টাকা সাশ্রয় হচ্ছে।
ব্যাংকটির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মো. তালহা জানিয়েছেন, এখনো ডায়নেস্টি হোমসকে মাসে প্রায় ৬০ লাখ টাকা ভাড়া দেওয়া হচ্ছে। গুলশান-১-এর লোটাস কামাল টাওয়ার-২-এর প্রতি স্কয়ার ফুটের ভাড়া ছিল ৭৫০ টাকা। সেই হিসাবে প্রায় ২৪ হাজার স্কায়ার ফুটের ভাড়া পড়ত ১ কোটি ৮০ লাখ টাকা। সেখান থেকে ডায়নেস্টি হোমসে কার্যালয় স্থানান্তরের পর ভাড়া কমেছে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। তা ছাড়া এ মুহূর্তে প্রধান কার্যালয় অন্যত্র সরিয়ে নিতে গেলে নতুন করে বিপুল অঙ্কের অগ্রিম ভাড়া ও সাজসজ্জার পেছনে অর্থ ব্যয় করতে হবে, যা ব্যাংকের আর্থিক ক্ষতি ছাড়া কিছুই নয়।
এদিকে সিআইডির প্রতিবেদনে ডায়নেস্টি হোমসের আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। ২০২১ সালের জানুয়ারিতে নিবন্ধিত প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ছিল ১০ কোটি টাকা। কিন্তু পরিশোধিত মূলধন মাত্র ২ লাখ টাকা। অথচ প্রতিষ্ঠানটি ৫২ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে ২০ তলা বাণিজ্যিক ভবন নির্মাণের কাজ নেয়। এসব অভিযোগের ভিত্তিতে ২০২৫ সালের ২৭ নভেম্বর নাফিজ সরাফাত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ১ হাজার ৬১৩ কোটি টাকার বেশি অর্থ পাচারের অভিযোগে মামলা করে সিআইডি। এসব অভিযোগের এখনো চূড়ান্ত বিচারিক নিষ্পত্তি হয়নি।
