ইউরোপ থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো

 প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন   |   জাতীয়

ইউরোপ থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো


ইউরোপের বিভিন্ন দেশে অনিয়মিতভাবে প্রবেশের পর আরও ৪৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে গ্রিস থেকে ৪০ জন এবং সাইপ্রাস থেকে চারজন রয়েছেন।বুধবার (১১ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে (এন০৫৫৪২) তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে ফেরত আসা ব্যক্তিদের জরুরি সহায়তা, কাউন্সেলিং এবং বাড়ি ফেরার জন্য আর্থিক সহায়তা দিয়েছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় এসব সহায়তা দেওয়া হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ডেস্কের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত প্রত্যাশা-২ প্রকল্পের আওতায় ফেরত আসা ৪৪ জনকে বিমানবন্দরে খাবার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কাউন্সেলিং ও প্রশিক্ষণ শেষে তাদের অর্থনৈতিক সহায়তা দেওয়া হবে।


শরিফুল হাসান বলেন, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিরা এত দিন শীর্ষে ছিলেন। এ বছরের তথ্য অনুযায়ী, লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিসে প্রবেশের ক্ষেত্রেও বাংলাদেশিরা প্রথম অবস্থানে রয়েছেন। এভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে।

তিনি বলেন, অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে ইউরোপ দিন দিন কঠোর হচ্ছে। নতুন অভিবাসন নীতি অনুযায়ী, অনিয়মিত পথে ইউরোপে প্রবেশকারীদের দ্রুত দেশে ফেরত পাঠানো হচ্ছে এবং তাদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে। ৩০ থেকে ৪০ লাখ টাকা খরচ করেও শেষ পর্যন্ত কোনো সুফল পাওয়া যাচ্ছে না। অথচ অনেকেই মনে করেন, যেকোনোভাবে ইউরোপে পৌঁছাতে পারলেই সব সমস্যার সমাধান হবে। এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।

শরিফুল হাসান জানান, এবার ফেরত আসা ব্যক্তিদের মধ্যে এমন একজনও রয়েছেন, যিনি টিকটকে বাংলাদেশ থেকে অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার বিষয়ে অন্যদের উৎসাহিত করেছেন। বিদেশগামীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ এড়িয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে বৈধ পথে বিদেশে যেতে হবে।

এর আগে গত ২৩ অক্টোবর ইতালি ও গ্রিস থেকে আরও ৩৫ বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়েছিল বলে জানিয়েছিল ব্র্যাক।

ইউরোপ থেকে নথিপত্রহীন বা অনিয়মিত বাংলাদেশিদের ফেরত আনার বিষয়ে ২০১৭ সালে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ সরকার। এর আওতায় এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক এসেছেন সাইপ্রাস, ইতালি, রোমানিয়া, ফ্রান্স, গ্রিস ও মাল্টা থেকে।

শরিফুল হাসান জানান, গত কয়েক বছরে ইউরোপ থেকে ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি এসেছেন ইতালি, গ্রিস ও জার্মানি থেকে। দেশে ফেরার পর তাদের বিমানবন্দরে জরুরি সহায়তা ও কাউন্সেলিং দেওয়া হয়। পরবর্তী সময়ে অর্থনৈতিক সহায়তার মাধ্যমে তাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করা হয়। পাশাপাশি ঝুঁকিপূর্ণ অভিবাসন নিরুৎসাহিত করতে সারা দেশে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। অন্যদিকে, বাংলাদেশ থেকে বৈধ পথে কর্মী নেওয়ার উদ্যোগও নিয়েছে ইউরোপের বিভিন্ন দেশ।


জাতীয় এর আরও খবর: