ডিসেম্বরে বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন | প্রবাস
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া এগোচ্ছে। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে শূন্য অভিবাসন ব্যয়ে (জিরো কস্ট) দেশটিতে যাচ্ছেন বাংলাদেশের ১১২ কর্মী। তাদের মেডিকেল পরীক্ষা, ভিসা, বিমা ও বিমান টিকিটের সম্পূর্ণ খরচ বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।
সরকারিভাবে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) জানিয়েছে, এই উদ্যোগের আওতায় ১০ হাজার কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রা রয়েছে। তবে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির কাছে ৫৫৮ জন কর্মীর চাহিদাপত্র (ডিমান্ড লেটার) এসেছে।
জানা গেছে, লটারির মাধ্যমে নির্বাচিত ৩০০ কর্মীর মধ্য থেকে প্রথম ধাপে ১১২ জনকে মালয়েশিয়ায় পাঠানোর প্রস্তুতি চলছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তাদের যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।
তবে এই উদ্যোগ ঘিরে দালালচক্রের তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিবাসন বিশেষজ্ঞরা। তাদের মতে, কর্মীদের কাছ থেকে কোনো ধরনের অর্থ আদায় করা হচ্ছে কি না, তা কঠোরভাবে নজরদারিতে রাখতে হবে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, জিরো কস্টের নামে কোনো অনিয়ম বা আর্থিক লেনদেনের ঘটনা ঘটলে মালয়েশিয়ার শ্রমবাজার আবারও সংকটে পড়তে পারে। এতে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য কর্মী পাঠানোর সুযোগও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
