সারাদেশে আজ উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৩, ০১:৫৬ অপরাহ্ন | জাতীয়
সারাদেশে আজ উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি জামাতের সবকটি সম্পন্ন হয়েছে।
শনিবার (২২ এপ্রিল) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সর্বশেষ জামাতটি অনুষ্ঠিত হয় সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ুর রহমান।
নামায শেষে অনুষ্ঠিত হয় ঈদের বিশেষ খুতবা।
এর আগে বায়তুল মোকাররমে ঈদের আরও চারটি জামাত অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৭টায় প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত হয় সকাল ১০টায়।
এদিন সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আসেন। প্রথম দুটি জামাতে দেশের বরেণ্য ব্যক্তিরাও অংশ নেন। কয়েক স্তরের নিরাপত্তা তল্লাশি পেরিয়ে লম্বা লাইন ধরে মসজিদে প্রবেশ করেন মুসল্লিরা।
এদিন ঈদের নামাজ আদায় শেষে দেশ-জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

