কিংবদন্তি মার্কিন গায়ক রিচার্ড স্টারবান আর নেই

 প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন   |   বিনোদন

কিংবদন্তি মার্কিন গায়ক রিচার্ড স্টারবান আর নেই

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কান্ট্রি ও গসপেল সংগীত দল ‘দ্য ওক রিজ বয়েজ’-এর কিংবদন্তি বেস ভোকালিস্ট রিচার্ড স্টারবান মারা গেছেন। শনিবার (১৪ নভেম্বর) টেনেসির হেন্ডারসনভিলে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

পরিবার ও ব্যান্ডের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে স্টারবানের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়াজনিত জটিলতায় তিনি মারা যান বলে বিবৃতিতে জানানো হয়।

১৯৪৩ সালে নিউ জার্সির ক্যামডেনে জন্মগ্রহণ করেন রিচার্ড স্টারবান। সংগীত জীবনের শুরুতে তিনি কিংবদন্তি শিল্পী এলভিস প্রিসলির ব্যাকআপ গায়ক হিসেবে কাজ করতেন। ১৯৭২ সালে সেই কাজ ছেড়ে গসপেল ও কান্ট্রি সংগীত দল ‘দ্য ওক রিজ বয়েজ’-এ যোগ দেন।

দলটির জনপ্রিয় গান ‘এলভিরা’তে স্টারবানের গভীর বেস কণ্ঠ শ্রোতাদের বিশেষভাবে নজর কাড়ে। ১৯৮১ সালে প্রকাশিত ‘এলভিরা’, ১৯৮২ সালের ‘ববি সু’ এবং ১৯৮৩ সালের ‘আমেরিকান মেড’ গানগুলো ১৯৮০-এর দশকে ব্যান্ডটিকে তুমুল জনপ্রিয়তা এনে দেয়। এর মধ্যে ‘এলভিরা’ কান্ট্রি মিউজিক চার্টের শীর্ষে ওঠার পাশাপাশি বিলবোর্ডের হট ১০০ তালিকায় পঞ্চম স্থান অর্জন করেছিল।

‘দ্য ওক রিজ বয়েজ’ পাঁচটি গ্র্যামি পুরস্কার জিতেছে এবং ২৩ বার মনোনয়ন পেয়েছে। দলটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেসিডেন্টের সামনে সংগীত পরিবেশন করেছে। এ ছাড়া ‘আমেরিকান ব্যান্ডস্ট্যান্ড’, গ্র্যামি অ্যাওয়ার্ডস ও ‘গ্র্যান্ড ওলে অপ্রি’র মঞ্চেও পারফর্ম করেছে তারা। জনি ক্যাশের সঙ্গে সফরের পাশাপাশি পল সাইমনের জনপ্রিয় গান ‘স্লিপিন স্লাইডিন অ্যাওয়ে’-তে ব্যাকআপ কণ্ঠ দিয়েছে দলটি।

সংগীতে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৪ সালে দলের আরেক সদস্য জো বন্সালের সঙ্গে স্টারবানকে ফিলাডেলফিয়া মিউজিক হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়। এরপর ২০০১ সালে তারা ভোকাল গ্রুপ হল অব ফেমে জায়গা পান এবং ২০১১ সালে ‘গ্র্যান্ড ওলে অপ্রি’র সদস্য হন। ২০১৫ সালে স্টারবান ও দলের অন্য তিন সদস্যকে কান্ট্রি মিউজিক হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়।

কান্ট্রি মিউজিক হল অব ফেমের প্রধান নির্বাহী কাইল ইয়ং এক বিবৃতিতে বলেন, স্টারবান তার স্বতন্ত্র গভীর কণ্ঠের মাধ্যমে বাণিজ্যিক কান্ট্রি সংগীতের সঙ্গে গসপেল সংগীতের গভীর ঐতিহ্যের সংযোগ ঘটিয়েছেন। কান্ট্রি সংগীতের ইতিহাসে তিনি ছিলেন একজন নির্ভরযোগ্য ব্যক্তিত্ব।

২০২৫ সাল পর্যন্ত নিয়মিত দলের সঙ্গে সংগীত পরিবেশন করেছেন স্টারবান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে মঞ্চ থেকে দূরে সরে যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ডোনা, দুই মেয়ে লরেন ও টোরি, তিন ছেলে রিচ, ডগ ও ক্রিস এবং ১১ জন নাতি-নাতনি ও পরবর্তী প্রজন্মের সন্তান রেখে গেছেন।



বিনোদন এর আরও খবর: