সাবেক হুইপ আতিক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন | জাতীয়
ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ মো. আতিউর রহমান আতিক এবং তার স্ত্রী শান্তনা বেগমের বিরুদ্ধে মামলার অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৫ নভেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সাবেক সংসদ সদস্য মো. আতিউর রহমান আতিকের নামে মোট ১০ কোটি ৮৬ লাখ ২৬ হাজার ৭৬৩ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য মিলেছে। এর মধ্যে স্থাবর সম্পদ ৬ কোটি ৮০ লাখ ৪৭ হাজার ২৩ টাকা এবং অস্থাবর সম্পদ ৪ কোটি ৫ লাখ ৭৯ হাজার ৭৪০ টাকা।
সোনালী ব্যাংক পিএলসি, শেরপুর শাখা থেকে নেওয়া তার ব্যক্তিগত ৮ লাখ টাকার ঋণের বিপরীতে বর্তমান স্থিতি ২ লাখ ১৮ হাজার ৯৮৮ টাকা বাদ দিলে তার নিট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১০ কোটি ৮৪ লাখ ৭ হাজার ৭৭৬ টাকা।
অন্যদিকে তার বিপরীতে বৈধ আয়ের উৎস পাওয়া গেছে ৬ কোটি ৩ লাখ ৭৭ হাজার ২৬৮ টাকা।
পারিবারিক ও অন্যান্য ব্যয় ৩ কোটি ৫৯ লাখ ৩২ হাজার ৪৪৪ টাকা বাদ দিলে তার নিট আয় বা সঞ্চয় থাকে ২ কোটি ৪৪ লাখ ৪৪ হাজার ৮২৪ টাকা। অর্জিত নিট সম্পদ এবং বৈধ আয়ের তুলনা করলে আতিউর রহমানের নামে ৮ কোটি ৩৯ লাখ ৬২ হাজার ৯৫২ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ পাওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় তার বিরুদ্ধে মামলার অনুমোদন করেছে দুদক।
এদিকে সাবেক এই হুইপের স্ত্রী শান্তনা বেগমের নামে মোট ১ কোটি ৪৯ লাখ ৬১ হাজার ১৯৭ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১ কোটি ২০ লাখ ৬৫ হাজার টাকার স্থাবর এবং ২৮ লাখ ৯৬ হাজার ১৯৭ টাকার অস্থাবর সম্পদ রয়েছে।
তার বৈধ আয়ের উৎস ১ কোটি ২ লাখ ১৯ হাজার ৫৮৯ টাকা থেকে পারিবারিক ও অন্যান্য ব্যয় ২৪ লাখ ২০ হাজার ২৭২ টাকা বাদ দিলে নিট সঞ্চয় থাকে ৭৭ লাখ ৯৯ হাজার ৩১৭ টাকা। সে হিসাবে শান্তনা বেগমের নামে ৭১ লাখ ৬১ হাজার ৮৮০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে, যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে মামলা রুজু করবে সংস্থাটি।
