সাঈদ আহমেদ এমপি গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান পুনঃনির্বাচিত
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন | অর্থ ও বাণিজ্য
গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসির সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে সাঈদ আহমেদ এমপি-কে কোম্পানির চেয়ারম্যান এবং এস এম সারোয়ার আলম -কে ভাইস চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত করা হয়েছে।
সাঈদ আহমেদ এমপি ত্রয়োদশ জাতীয় সংসদে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
একজন স্বনামধন্য ব্যবসায়ী ও উদ্যোক্তা হিসেবে সাঈদ আহমেদ ২০০০ সাল থেকে বাংলাদেশের বীমা খাতের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি ২০১৯ সাল থেকে গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি । ১৯৮৮ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর তিনি এর প্রথম নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ ছাড়া তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির গভর্নিং বডির সদস্য এবং ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসি বাংলাদেশ)-এর নির্বাহী পর্ষদের সদস্য ।
বীমা খাতে নেতৃত্বের পাশাপাশি বিভিন্ন ব্যবসায়িক ও শিল্পপ্রতিষ্ঠানেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বাংলাদেশ চেক টেকনোলজি লিমিটেড, পিউরিটি ফুডস লিমিটেড ও আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান। পাশাপাশি ভ্যানটেজ সিকিউরিটিজ লিমিটেড, সিটি হোমস লিমিটেড এবং আল তায়ের ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নৌপরিবহন, ব্যাংকিং ও লজিস্টিকস খাতেও তাঁর ব্যবসায়িক কর্মকাণ্ড বিস্তৃত। তিনি আহমেদ শিপিং লাইনস, আহমেদ ইনল্যান্ড শিপিং এজেন্সি, এ কে ইন্টারন্যাশনাল এবং আহমেদ এয়ারওয়েজ সার্ভিসেসের স্বত্বাধিকারী। তিনি পদ্মা ব্যাংক লিমিটেডের (সাবেক ফারমার্স ব্যাংক লিমিটেড) উদ্যোক্তা শেয়ারহোল্ডার ছিলেন এবং ব্যাংকটির ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি ও নির্বাহী কমিটির সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনে ও তাঁর গুরুত্বপূর্ণ নেতৃত্ব রয়েছে। বর্তমানে তিনি সংগঠনটির সভাপতি ও নির্বাহী কমিটির সদস্য । এর আগে তিনি সংগঠনটির সিনিয়র সহসভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি সাঈদ আহমেদ বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গেও সক্রিয়ভাবে সম্পৃক্ত। তিনি ঢাকা ক্লাব লিমিটেড, গুলশান সোসাইটি, উত্তরা ক্লাব লিমিটেড, কুর্মিটোলা গলফ ক্লাব লিমিটেড, ধানমন্ডি ক্লাব লিমিটেড, বাংলাদেশ ফ্লাইং ক্লাব লিমিটেড, চট্টগ্রাম বোট ক্লাব এবং অল কমিউনিটি ক্লাব লিমিটেডসহ দেশের বেশ কয়েকটি স্বনামধন্য ক্লাবের সদস্য। ক্রীড়াঙ্গনেও তাঁর আগ্রহ ও সম্পৃক্ততা উল্লেখযোগ্য। তিনি রাজধানী শুটিং ক্লাবের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশ-বিদেশে তাঁর দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা, আন্তর্জাতিক যোগাযোগ ও ভ্রমণ তাঁকে বিশ্বব্যাপী ব্যবসা-বাণিজ্য সম্পর্কে বিস্তৃত দৃষ্টিভঙ্গি অর্জনে সহায়তা করেছে।
এস এম সারোয়ার আলম দেশের একজন স্বনামধন্য ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা। তিনি পাবনা শহরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি, হট ড্রেস লিমিটেড, উইন্টার ড্রেস লিমিটেড ও নিট ভ্যালি ফ্যাশনস লিমিটেডের উদ্যোক্তা পরিচালক। এ ছাড়া তিনি মেসার্স এস.এস. এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত। এর আগেও তিনি ২০০৯-২০১০ এবং ২০২৫-২০২৬ মেয়াদে দুইবার গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
