বাংলাদেশের পর্যটনশিল্পের উন্নয়নে গবেষণা উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে UTSSOB-এর আলোচনা

 প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন   |   ভিন্ন খবর

বাংলাদেশের পর্যটনশিল্পের উন্নয়নে গবেষণা উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে UTSSOB-এর আলোচনা

পর্যটনবিষয়ক গবেষণা ও নীতিনির্ধারণী চিন্তামঞ্চ (থিংক ট্যাংক) ইউনাইটেড ট্যুরিজম স্টেকহোল্ডার্স সোসাইটি অব বাংলাদেশ (UTSSOB) সম্প্রতি সংগঠনের সক্রিয় সদস্যদের নিয়ে এক ফলপ্রসূ সভার আয়োজন করে। সভায় সংগঠনের চলমান কার্যক্রম, গবেষণা উদ্যোগ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কৌশলগত দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বাংলাদেশের পর্যটনশিল্পের উন্নয়নে UTSSOB কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে গঠনমূলক আলোচনা, মূল্যবান পরামর্শ এবং বিভিন্ন মতামত ও ধারণার আদান-প্রদান হয়। বিশেষভাবে গবেষণাভিত্তিক উদ্যোগ জোরদার করা, পর্যটন খাতের প্রধান চ্যালেঞ্জ ও সম্ভাবনাগুলো চিহ্নিত করা এবং শিল্পের টেকসই বিকাশে কার্যকর সুপারিশ প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া UTSSOB জানায়, সংগঠনের উপদেষ্টা প্রণব সাহা পরিচালিত সাম্প্রতিক একটি গবেষণার ফলাফল ও পর্যবেক্ষণ গণমাধ্যম, পর্যটনসংশ্লিষ্ট অংশীজন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে তুলে ধরতে শিগগিরই একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। মূলধারার মুদ্রিত ও ইলেকট্রনিক গণমাধ্যমে পর্যটন খাতে জনসাধারণের অবদান ও অংশগ্রহণ কতটা গুরুত্বসহকারে প্রচারিত হচ্ছে, তা নিয়ে এ গবেষণা পরিচালিত হয়েছে।

সভায় উপস্থিত সক্রিয় সদস্যরা বাংলাদেশের পর্যটন খাতকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গবেষণানির্ভর হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশের পর্যটনশিল্পের অগ্রগতিতে গবেষণা, সংলাপ, পারস্পরিক সহযোগিতা এবং গঠনমূলক নীতিগত সুপারিশ প্রণয়নের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে UTSSOB।

সভায় সভাপতিত্ব করেন UTSSOB-এর সভাপতি এইচ. এম. হাকিম আলী এবং সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি রেজাউল একরাম।

সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি তৌফিক রহমান; পরিচালক জাবেদ আহমেদ, মেহেদী আমিন চৌধুরী ও অর্থ পরিচালক মো. কামরুল হাসান; উপদেষ্টা পরিষদের সদস্য আখতারুজ্জামান খান কবির ও প্রণব সাহা। এ ছাড়া উপস্থিত ছিলেন ড. সাদিক, জুবাইদা নাজনীন, লরেন্স অমল গোমেজ এবং মো. মহিউদ্দিন সেলিম।

ভিন্ন খবর এর আরও খবর: