কবি সংসদ বাংলাদেশের আজীবন সম্মাননা পেলেন সৈয়দা রাশিদা বারী
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন | ভিন্ন খবর
নিজস্ব প্রতিবেদক :
সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন কবি ও কথাসাহিত্যিক সৈয়দা রাশিদা বারী। কবি সংসদ বাংলাদেশের ২৮ বছর পূর্তি উৎসব উপলক্ষে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
গত ২৮ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচা মেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। এ সময় আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়ায় জন্ম নেওয়া সৈয়দা রাশিদা বারী একাধারে কবি, কথাসাহিত্যিক, গীতিকার, সাংবাদিক ও সম্পাদক-প্রকাশক। তিনি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও চলচ্চিত্রের গীতিকার। ঢাকা থেকে প্রকাশিত জাতীয় সচিত্র মাসিক সংবাদ ম্যাগাজিন পত্রিকা ‘স্বপ্নের দেশ’-এর সম্পাদক ও প্রকাশক হিসেবেও গত ২১ বছর ধরে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ সাহিত্যজীবনে শিশু সাহিত্য, গল্প, উপন্যাস, কবিতা ও শিশুদের পাঠ্যবইসহ বিভিন্ন বিষয়ে দেড় শতাধিক বই প্রকাশিত হয়েছে তার। প্রকাশের অপেক্ষায় পাণ্ডলিপি তৈরী আছে আরও ২শতাধিক বই এর। সাহিত্যচর্চার পাশাপাশি গত দুই দশক ধরে নিয়মিত সম্পাদনা করছেন মাসিক সচিত্র ‘স্বপ্নের দেশ’ পত্রিকা। তার ব্যক্তিগত গ্রন্থাগারে রয়েছে দুই লাখের বেশি বইয়ের সংগ্রহ। সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন থেকে দুই শতাধিক পুরস্কার ও উপাধি পেয়েছেন তিনি।সাংবাদিকতা ও সাহিত্যচর্চায়ও রয়েছে তার দীর্ঘ পথচলা। ১৯৭১ সালে লেখালেখির সূচনা করেন তিনি। পরবর্তী সময়ে কবিতা, গল্প, উপন্যাস, শিশুতোষ সাহিত্য ও গান রচনার মধ্য দিয়ে নিজেকে বহুমাত্রিক লেখক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি নজরুল ইসলাম তামিজী। প্রধান অতিথি ছিলেন কবি সংসদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা কবি ইমরোজ সোহেল। উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি সরদার তমিজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কনক। উপস্থাপনা করেন সাংগঠনিক সম্পাদক কবি রলি আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আনোয়ার হোসেন ও কবি লিটন হায়দার; সহসভাপতি কবি আউয়াল খন্দকার, কবি ফারুক প্রধান, কবি বাপ্পী সাহা ও কবি সুবর্ণা দাস; সাহিত্য সম্পাদক কবি ইকবাল হোসেন; সংগীতবিষয়ক সম্পাদক কণ্ঠশিল্পী নাহিদ তনুজা; প্রকাশনা সম্পাদক কবি হেলাল উদ্দিন খন্দকার; লেখক কল্যাণ সম্পাদক কবি ও কণ্ঠশিল্পী তারিক সজিব এবং আবৃত্তিবিষয়ক সম্পাদক কবি ও আবৃত্তিশিল্পী মরিয়ম সাথী।
সৈয়দা রাশিদা বারীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানে তার দীর্ঘদিনের সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের স্বীকৃতি দেওয়া হয়।
