সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

 প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ০৩:৪৮ অপরাহ্ন   |   সারাদেশ

সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত


শামসুল কাদির মিছবাহ (সুনামগঞ্জ):

সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও দুই জন আহত হয়েছেন। সিলেট-সুনামগঞ্জ সড়কের হালুয়ারগাঁও নামক স্থানে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। এছাড়া সুনামগঞ্জ সদর উপজেলার জানিগাঁও এলাকায় সড়কে বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১১ টার দিকে সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাকের সাথে সুনামগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহতসহ দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেলে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহতরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জামালপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে হাদিউল ইসলাম কামালী (২৪) ও চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার শিলাইগুড়া গ্রামের আবুল কালামের ছেলে নাসির আলম (২৮)।

এছাড়া দুর্ঘটনায় আহত জগন্নাথপুর উপজেলার মজিদপুর গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে ছইল মিয়ার (৫১) অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তিনি ওই অটোরিকশার চালক ছিলেন। 

এদিকে, ভোরে সুনামগঞ্জ সদর উপজেলার জানিগাঁও নামক স্থানে বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। তাৎক্ষণিক ওই নিহতের নাম পরিচয় জানা যায়নি।

পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত ও দুইজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক জিয়াউল হক।

সারাদেশ এর আরও খবর: