দেশে-বিদেশে সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা

 প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন   |   জাতীয়

দেশে-বিদেশে সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা

চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশ সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণ আনুমানিক ১৩ লাখ ৩৭ হাজার ২৫০ কোটি টাকা এবং বৈদেশিক ঋণ আনুমানিক ১০ লাখ ৩২৫ কোটি টাকা। এছাড়া বর্তমান সরকার চলতি বছর মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ২ হাজার ৯৫০ দশমিক ৫২ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল এবং সংসদ সদস্য মোসা. ফরিদা ইয়াসমিনের করা পৃথক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব তথ্য জানান।

অর্থমন্ত্রী আরও জানান, ২০২৬-২৭ অর্থবছরের নির্দিষ্টকরণ আইন, ২০২৬ অনুযায়ী চলতি অর্থবছরে সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধ বাবদ মোট ৮ লাখ ৮ হাজার ৭৭৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

তবে বছর শেষে ঋণ পরিশোধের চূড়ান্ত অঙ্কে কিছুটা পরিবর্তন আসতে পারে বলে উল্লেখ করেন তিনি। এ বিষয়ে অর্থমন্ত্রী জানান, সাধারণ ভবিষ্যৎ তহবিল (জিপিএফ) এবং জাতীয় সঞ্চয়পত্রের ক্ষেত্রে মেয়াদপূর্তির আগে অর্থ উত্তোলন বা নগদায়নের পরিমাণ আগে থেকে অনুমান করা সম্ভব হয় না। এর পরিমাণ হ্রাস বা বৃদ্ধির ওপর ভিত্তি করে বছর শেষে মোট ঋণ পরিশোধের হিসাব পরিবর্তিত হতে পারে।


অন্য প্রশ্নে ফরিদা ইয়াসমিন জানতে চান, বিগত সরকারের রেখে যাওয়া বিদেশী ঋণের বোঝা হতে দেশকে মুক্ত করার লক্ষ্যে বর্তমান সরকার বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণ করেছে কীনা, করলে, তা কী; এবং এ পর্যন্ত বর্তমান সরকার কী পরিমাণ ঋণ পরিশোধ করেছে?

উত্তরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সরকার গঠনের পর থেকেই বৈদেশিক ঋণ সহনশীল মাত্রায় রাখতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বৈদেশিক ঋণে বাস্তবায়নের জন্য কোন নতুন প্রকল্প গ্রহণের আগে এসব প্রকল্প প্রস্তাব ও সংশ্লিষ্ট ঋণ প্রস্তাব পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে যেন বৈদেশিক ঋণে নতুন কোনো অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ না করা হয়। একই সাথে বৈদেশিক ঋণের প্রকল্পগুলো যাতে ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠণ ও পুনরুদ্ধারে সরকারের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সংগতিপূর্ণ হয় এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় সে বিষয়ে লক্ষ্য রাখা হচ্ছে।’বিশেষ করে উচ্চ সুদের ও স্বল্পমেয়াদি অনমনীয় শর্তের বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী।অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার মার্চ ২০২৬ থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ২ হাজার ৯৫০ দশমিক ৫২ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে।’



জাতীয় এর আরও খবর: