মেঘনা আলমকে তলব করেছে দুদক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন | জাতীয়
নিজস্ব প্রতিবেদক:
আলোচিত মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাকে তলব করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা এক নোটিশে তাকে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। গত ৪ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও দুই সদস্যের অনুসন্ধান দলের প্রধান সুমিত্রা সেন ওই তলবি চিঠি দেন বলে জানা গেছে।
দুদক সূত্রে জানা যায়, কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির ও মডেল মেঘনা আলমের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধানের স্বার্থেই মেঘনা আলমকে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে। উল্লেখ্য, মেঘনা আলম একাধারে মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ। ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব অর্জনের মাধ্যমে তিনি আলোচনায় আসেন।
এ ছাড়া তিনি ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’-এর চেয়ারপারসন এবং ‘একত্র ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনয়নে ‘ট্রাক’ প্রতীক নিয়ে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। পরবর্তী সময়ে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন চাইলেও শেষ পর্যন্ত প্রার্থী হতে পারেননি আলোচিত এই মডেল ও রাজনীতিবিদ।
