সালথায় আচরণবিধি লঙ্ঘন করায় জরিমানা
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৯ অপরাহ্ন | সারাদেশ
জাকির হোসেন, সালথা (ফরিদপুর) :
ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জামাল হোসেন মিয়ার দুই কর্মীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন সালথা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাৎ হোসেন।
রোববার রাত ৯ টার দিকে সালথায় নির্ধারিত সময়ের বাইরে মাইকিং করে নির্বাচনী প্রচারণা চালানোর সময় এ জরিমানা করা হয়।
জানা গেছে, রোববার রাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সালথা বাজার এলাকায় মাইকিং করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল স্বতন্ত্র প্রার্থী জামাল হোসেন মিয়ার কর্মী মো. আক্কাছ মাতুব্বর ও মো. বাদল মাতুব্বর। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই দুই কর্মীকে চার হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, নির্বাচনী আচরণবিধিতে বলা হয়েছে প্রতিদিন দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মাইক ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন প্রার্থী ও তার সমর্থকরা। কিন্তু রাত ৯টায় মাইক ব্যবহার করে প্রচার চালানোয় স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে জরিমানা করা হয়েছে। আচরণবিধি প্রতিপালনে আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

