হুমকি-নিষেধাজ্ঞা ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামাতে পারবে না: আইআরজিসি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন | আন্তর্জাতিক
বাইরের হুমকি ও নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার আহমদ ভাহিদি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাসনিম নিউজের বরাতে আল জাজিরা এই খবর জানিয়েছে।
মহাকাশ দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় ভাহিদি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জনক হিসেবে পরিচিত হাসান তেহরানি মোগাদ্দামের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের সদস্যদের উদ্দেশে ভাহিদি বলেন, ‘আজ সেই একই চেতনায় আপনারা পাহাড়ের বুকে এবং মাটির গভীরে দেশের জন্য শক্তি গড়ে তুলছেন।’
তিনি আরও যোগ করেন, ‘শত্রুদের জেনে রাখা উচিত যে শহীদ তেহরানি মোগাদ্দামের পথ হুমকি বা নিষেধাজ্ঞা দিয়ে থামানো যাবে না। রক্ত ও বিশ্বাসের মাধ্যমে এই পথচলা অব্যাহত রয়েছে।’
এ ছাড়া ভাহিদি আইআরজিসি অ্যারোস্পেসের সাবেক কমান্ডার আমির আলী হাজিজাদেহ এবং মাহমুদ বাঘেরির প্রতিও শ্রদ্ধা জানান এবং ইরানের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করার কাজ চালিয়ে যাওয়ার জন্য বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান।
