জগন্নাথপুরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার
প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২৩, ০৯:০০ অপরাহ্ন | সারাদেশ
শামসুল কাদির মিছবাহ (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দিঘলবাক আটঘর গ্রামের একটি বাড়িতে ৯ ঘন্টা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম, বিস্ফোরক পাউডার ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যায় সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জগন্নাথপুর থানার সহকারী উপ-পরিদর্শক নুরে আলম সিদ্দিক একটি মামলার সমন দিতে গিয়ে গত শুক্রবার আফজাল হোসেনের বাড়িতে বিপুল পরিমাণ ইলেকট্রনিক ডিভাইস ও সাদা পাউডার দেখতে পান। এতে সন্দেহ হলে জগন্নাথপুর থানা পুলিশ বোম ডিসপোজাল ইউনিট, স্পেশাল অ্যাকশন গ্রুপ, কাউন্টার টেররিজম এন্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ডিএমপি ঢাকা, এন্টিটেরোরিজম ইউনিট ও সেনাবাহিনীর বিশেষজ্ঞ টিম রোববার সকাল থেকে দিনভর তাঁর বাড়িতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম, বিস্ফোরক পাউডার ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আশারকান্দি ইউনিয়নের দিঘলবাক আটঘর গ্রামের আফজাল হোসেনের বিরুদ্ধে একটি মামলার সমন নিয়ে শুক্রবার জগন্নাথপুর থানা পুলিশ তাঁর বাড়িতে গেলে আফজল হোসেন পুলিশের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। এসময় পুলিশ তাঁর বাড়িতে
বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স ডিভাইস সাদা পাউডার সার্কিট দেখতে পান। এতে সন্দেহ হলে রোববার আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম, বিস্ফোরক পাউডার, ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।
সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

