উখিয়ায় একলাখ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে ধরলো র‍্যাব!

 প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২৪, ০৫:৪২ অপরাহ্ন   |   সারাদেশ

উখিয়ায় একলাখ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে ধরলো র‍্যাব!


আবদুল্লাহ আল আজিজ (উখিয়া, কক্সবাজার) :


কক্সবাজারের উখিয়ায় অভিযান পরিচালনা করে একলাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব -১৫ এর সদস্যরা।


গত বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার পালংখালীর গয়ালমারা এলাকার নুর হোসাইনের বসত বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।


শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল' এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।


তিনি জানান, র‍্যাবের কাছে খবর আসে পালংখালীর গয়ালমারা এলাকায় মাদক কারবারিরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত খবরে র‍্যাবের চৌকস আভিযানিক দল ওই এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের অভিযানিক দল উক্ত এলাকার জনৈক নূর হোসাইনের বসত বাড়ির সামনে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।


র‍্যাবের কাছে ধৃত মাদক কারবারিরা হলেন, টেকনাফ হোয়াইক্যং এর পূর্ব মহেশখালীয়া পাড়ার সুলতান আহমদের ছেলে শফিকুল ইসলাম ও উখিয়ার পালংখালীর গয়ালমারা এলাকার নুর হোসাইনের ছেলে আজিজুর রহমান (২১)।


তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারীদের সাথে থাকা অপর এক সহযোগীর নাম-ঠিকানা প্রকাশ করে এবং সে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে দ্রুত পালিয়ে গেছে বলে স্বীকার করে।


পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও তাদের দেখানো মতে ২নং আজিজুর রহমানের বসত ঘরের দক্ষিন পার্শ্বের শয়ন কক্ষের খাটের নিচে তল্লাশী করে একলাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত ও পলাতক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

সারাদেশ এর আরও খবর: