পুরনো সাইনবোর্ডের মতোই মেয়াদোত্তীর্ণ কমিটি: কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী সমিতিতে জবরদখলের অভিযোগ
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন | রাজধানী
মাহফুজার রহমান :
কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির কার্যালয়ের দিকে তাকালে শুরুতেই চোখে পড়ে একটি পুরনো, জরাজীর্ণ সাইনবোর্ড। ধুলাবালি আর জং ধরা এই সাইনবোর্ডটি যেন বলে দেয় বহু বছর ধরে এখানে পরিবর্তনের কোনো ছোঁয়া লাগেনি। ঠিক এই জরাজীর্ণ সাইনবোর্ডটির মতোই যেন মেয়াদোত্তীর্ণ ও স্থবির হয়ে পড়েছে সমিতিটির বর্তমান পরিচালনা পর্ষদ।
অনুসন্ধানে জানা গেছে, গত ২০২৫ সালের অক্টোবর মাসেই কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির নির্বাচিত কমিটির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যায়। সমবায় আইন অনুযায়ী মেয়াদ শেষে নতুন নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের বিধান থাকলেও, তা অমান্য করে অবৈধ উপায়ে ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছেন বিদায়ী কমিটির সদস্যরা।
ব্যবসায়ীদের ক্ষোভ ও অসন্তোষ:
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সাধারণ ব্যবসায়ী ও দোকান মালিক ক্ষোভ প্রকাশ করে জানান, একটি নির্বাচিত কমিটির নির্দিষ্ট মেয়াদের পর ক্ষমতা ধরে রাখার কোনো আইনি ভিত্তি নেই। মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর থেকে সমিতির কার্যক্রমে কোনো স্বচ্ছতা নেই। সাধারণ ব্যবসায়ীদের মতামত তোয়াক্কা না করে নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করতেই এই অবৈধ পর্ষদ একের পর এক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে।
"সাইনবোর্ডের যেমন কোনো তদারকি নেই, তেমনি সমিতির বর্তমান অবৈধ কর্তাব্যক্তিদেরও কোনো জবাবদিহিতা নেই। অবিলম্বে বর্তমান অবৈধ কমিটি বিলুপ্ত করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা প্রয়োজন।" — ক্ষুব্ধ এক সাধারণ গার্মেন্টস ব্যবসায়ী।
আইনি পদক্ষেপের দাবি:
ব্যবসায়ীদের বড় একটি অংশ এখন সমবায় অধিদপ্তরের আশু হস্তক্ষেপ কামনা করছেন। তাদের দাবি, দ্রুত একটি অন্তর্বর্তীকালীন এডহক কমিটি গঠন করে স্বচ্ছ ভোটার তালিকার মাধ্যমে নতুন পরিচালনা পর্ষদ গঠনের নির্বাচন আয়োজন করতে হবে। অন্যথায় কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী এই গার্মেন্টস শিল্পে সাধারণ ব্যবসায়ী ও দোকান মালিকদের মধ্যে অসন্তোষ আরো চরম আকার ধারণ করতে পারে।
