মাদক ও ছিনতাইকারীদের আখড়ায় পরিণত রাস্তা: দ্রুত খুলে দেওয়ার আশ্বাস এমপি আমান উল্লাহ আমানের
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন | ভিন্ন খবর
মাহফুজার রহমান :
কেরানীগঞ্জ উপজেলা পর্যায়ে এবং সংসদীয় এলাকা ১৭৫ (ঢাকা-২)-এর আওতাধীন সংশ্লিষ্ট সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জের পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য ও ঢাকা-২ আসনের মাননীয় এমপি আমান উল্লাহ আমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
সভায় স্থানীয় এলাকাবাসীর পক্ষে রকি হোসেন টাইগার জিনজিরা ও কালিন্দী ইউনিয়নের সংযোগস্থলের ৫০০ ফুট রাস্তার চলমান সংকটের বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন। তিনি জানান, সিসি ঢালাই কাজ ও প্রায় ৫৫ ফুট অবৈধ ডাম্পিংয়ের কারণে দীর্ঘদিন ধরে রাস্তাটি কার্যত বন্ধ রয়েছে। এর ফলে এলাকাটি মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের আড্ডাখানায় পরিণত হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী সমস্যাসমূহ: মাদক বিক্রি ও সেবনের বিস্তার, রাতের বেলায় ছিনতাইকারীদের অবস্থান, পল্লী বিদ্যুতের মালামাল চুরির চেষ্টা, সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা,ডাম্পিং এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি,
জলাবদ্ধতা সমস্যা দীর্ঘস্থায়ী হওয়া, মশা-মাছির উপদ্রবে বিভিন্ন রোগের ঝুঁকি,দুর্গন্ধের কারণে ভাড়াটিয়াদের বসবাসে অনীহা।
এলাকাবাসীর দাবি, রাস্তা দ্রুত চালু করা হলে একদিকে যেমন অপরাধ প্রবণতা কমবে, অন্যদিকে জলাবদ্ধতা ও পরিবেশগত সমস্যারও সমাধান হবে। তারা প্রস্তাব করেন, ময়লা অপসারণ কাজ এক পাশে পরিচালনা করে অপর পাশে যান চলাচল সচল রাখার মাধ্যমে দ্রুত জনদুর্ভোগ লাঘব করা সম্ভব। জনগণের বক্তব্য শোনার পর এমপি আমান উল্লাহ আমান বলেন, জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিষয়টি দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তিনি রাস্তা খুলে দেওয়ার আশ্বাস প্রদান করেন। এ সময় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান।
সভা শেষে এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান হবে এবং এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে।
