নির্বাচিত হলে রাষ্ট্রীয় সম্মানি ভাতাও জনগণের কল্যাণে ব্যায় করবো: ইয়াছিন আরাফাত
প্রকাশ: ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন | জেলার খবর
কামাল হোসেন:
কুমিল্লা-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত বলেছেন, "ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানিতে আমরা জনগণের ভোটে নির্বাচিত হলে রাষ্ট্র যে সম্মানি ভাতা আমাদের দিবে সেটিও জনগণের কল্যাণে ব্যয় করবো। আমরা নিজের আখের গোছানোর জন্য এমপি হতে চাই না, আমরা অট্টালিকার মালিক হওয়ার জন্য এমপি হতে চাই না, আমরা লালমাই-নাঙ্গলকোটের মানুষের উন্নয়নের জন্য এমপি হতে চাই। আল্লাহ যেনো আমাকে আপনাদের খাদেম হিসেবে কবুল করেন।
রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লালমাই উপজেলার গৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে বেলঘর উত্তর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যােগে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আপনারা যদি ৫৪ বছর পুরোনো বস্তা পঁচা রাজনীতিতে ফিরে যেতে না চান, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, সন্ত্রাস, মাদক, ইভটিজিং না চান তাহলে অবশ্যই গণভোটে হ্যাঁ এর পক্ষে অবস্থান নিতে হবে। কিন্তু একটি দল উপরে উপরে হ্যাঁ ভোট দিতে বলে কিন্তু তার সকল নেতাকর্মীদের না ভোটের পক্ষে বলে। যারা উপরে উপরে হ্যাঁ এর কথা বলে ভিতরে ভিতরে না এর পক্ষ নেয় সত্যিকার অর্থে তারা বাংলাদেশের সংস্কার চায় না। তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, মাদকের ব্যবসায় ফিরে যেতে চায়৷ কিন্তু আমরা যারা দেশকে ভালোবাসি আমরা তাদের এই চক্রান্তে বিশ্বাস করতে পারিনা৷ এই চক্রান্ত কে প্রত্যাখ্যান করতে হলে অবশ্যই আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে হ্যাঁ এর পক্ষে অবস্থান নিতে হবে হ্যাঁ ভোট দিতে হবে। এখন যেহেতু তারা তাল-বাহানা শুরু করেছে সুতরাং এই হ্যাঁ গণভোটে পাস হওয়ার পরে এমন একটি সরকার লাগবে যে এই হ্যাঁ টাকে আইনি বৈধতা দিয়ে রাষ্ট্রকে নতুনভাবে পরিচালনা করবে। সুতরাং আপনাদের এমন একটি সরকার নির্বাচিত করতে হবে যারা আপনার আকাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মান করবে। যারা নিজেরা চাঁদাবাজি,টেন্ডারবাজি, দখলবাজি করবে না কাউকে করতেও দিবে না। তাই আজকে দেশের প্রতিটি মানুষ বলছে তারা অন্য সকল দলের শাসন দেখেছে কিন্তু তারা কাঙ্ক্ষিত শাসনব্যবস্থা পায়নি এজন্য তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাসন দেখতে চায়।
ইয়াছিন আরাফাত বলেন, যখন কুমিল্লা-১০ আসনের নারী, পুরুষ, শিশু সকলেই বলছে তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করে দাঁড়িপাল্লাকে সংসদে পাঠাতে চায় তখন আমাদের বিভিন্ন হুমকি ধামকি দেওয়া হচ্ছে। তারা বলে নয়টার মধ্যে ভোট শেষ হয়ে যাবে, তারা ভোট কেন্দ্র দখল করে নিবে। আমরা তাদের বলতে চাই বিগত ১৬ বছর এবং জুলাই আন্দোলনে আমরা গুলির মুখে দাঁড়িয়ে লড়াই সংগ্রাম করেছি, জেল খেটেছি, ফাঁসিতে ঝুলেছি, আয়নাঘরে গিয়েছি, নির্যাতিত হয়েছি কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেনি। আমাদেরকে হুমকি ধামকি দিয়ে লাভ নাই। জুলাই আন্দোলন পরবর্তী বাংলাদেশে যারাই কেন্দ্র দখল করার চিন্তা করবে তাদেরকে প্রতিহত করার জন্য ছাত্র জনতা প্রস্তুত আছে তারা কেন্দ্রের সামনে প্রাচীর গড়ে তুলবে এবং আমাদের মা-বোনেরা তাদের ঝাড়ু পেটা করার জন্য প্রস্তুতি নিচ্ছে।
বেলঘর উত্তর ইউনিয়ন জামায়াতের আমীর ডা. শাহ আলমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের অফিস সম্পাদক গোলাম সরওয়ার মজুমদার কামাল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দূন নূর, সাবেক আমীর মাওলানা এইচ এম নুরুল্লাহ, সেক্রেটারী মাওলানা ইমাম হোসেন, অফিস সম্পাদক মাওলানা মেসবাহুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক কবি ফারুক আহমেদ প্রমুখ৷
সমাবেশে বেলঘর উত্তর ইউনিয়ন বিএনপি নেতা হাজী ইউনুস আহমেদ আনুষ্ঠানিক জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন মাওলানা ইয়াছিন আরাফাত। এসময় ইউনিয়ন জামায়াত, ছাত্র শিবির ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে রাত ৯ টায় উপজেলার হরিশ্চর চৌরাস্তার একটি পথসভায় বক্তব্য রাখেন মাওলানা ইয়াছিন আরাফাত।
