শেরপুরে চলছে দুইশত বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা

 প্রকাশ: ১৫ জানুয়ারী ২০২৩, ০১:৩৮ অপরাহ্ন   |   সারাদেশ

শেরপুরে চলছে দুইশত বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা


শিব্বির আহমদঃ  দীর্ঘ ২ বছর বন্ধ থাকার পর আবারও চার জেলার মিলনস্থল মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরস্থ দুইশত বছরের পুরানো ঐতিহ্যবাহী ‘মাছের মেলা’ শুরু হয়েছে ।


প্রতি বছর ১৪ জানুয়ারি পৌষ-সংক্রান্তি ও নবান্ন উৎসবকে কেন্দ্র করে আয়োজন করা হয় এই মেলার। কোভিড ও ওমিক্রন সংক্রমণ ঝুঁকির কারণে মৌলভীবাজার জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় গেল দুই বছর এই মেলাটি অনুষ্ঠিত হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হওয়াতে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) থেকে বসেছে ঐতিহ্যবাহী এই মেলা। তবে মূল মেলার সময়সীমা থাকে ১ দিন অর্থাৎ ১৪ জানুয়ারি।


মাছের মেলা এলাকা ঘুরে দেখা গেছে, এরইমধ্যে মৎস ব্যবসায়ীরা মাছ নিয়ে এসেছেন। মজুত করে রাখা হয়েছে ছোট-বড় নানা জাতের মাছ। আছে বাঘাইড়, বোয়াল, আইড়, চিতল, কাতলা, রুই ইত্যাদি।


মেলাকে কেন্দ্র করে মৎসব্যবসায়ীরা প্রস্তুত করছেন বড় বড় দোকান। নানা ধরনের গৃহস্থালি ও বিভিন্ন ধরনের আসবাব, সৌখিন জিনিসপত্র, শিশুদের খেলনার পুতুল, টাট্টু ঘোড়া নিয়েও বসেছেন অসংখ্য দোকানি।


উল্লেখ্য, পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে মাছের মেলার প্রচলন শুরু করেন জমিদার মথুর বাবু। এ থেকেই ঐ এলাকায় প্রতিবছর পৌষ সংক্রান্তিতে আয়োজন করা হয় ‘মাছের মেলা’ নামের এই মেলা। শুরুতে ওই মেলাটি সদর উপজেলার মনুমুখ এলাকায় হলেও পরবর্তীতে মেলাটি উপজেলার শেরপুরে স্থানান্তরিত হয়।


মৌলভীবাজারের হাকালুকি, কাওয়াদিঘি, হাইল হাওর ও মনু, ধলই, কুশিয়ারা নদীসহ বৃহত্তর সিলেটের বিভিন্ন হাওরের মাছের উপর নির্ভর করে প্রতিবছরই বসে এ মেলা। মৎসজীবিরা এই মেলায় মাছ বিক্রির জন্য ৫ থেকে ৬ মাস আগে থেকেই বড় বড় মাছ সংগ্রহ করে থাকেন।


সারাদেশ এর আরও খবর: