প্রবীণদের সবধরণের সহযোগিতার আশ্বাস দিলেন জেলা প্রশাসক
প্রকাশ: ১২ জানুয়ারী ২০২৩, ০৫:৫৮ অপরাহ্ন | সারাদেশ
শামসুল কাদির মিছবাহ (সুনামগঞ্জ):
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শিক্ষাবৃত্তি, এককালীন অনুদান, কন্যার বিবাহ, চিকিৎসা ও প্রাকৃতিক দুর্যোগ সহায়তা অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ শহরের কাজির পয়েন্টস্থ সমিতির কার্যালয়ে এসব সহায়তা বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
তিনি প্রবীণদের জন্য সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করে বলেন, আপনারা নবীণ থাকতে যেভাবে মানুষের সেবা করে গেছেন, আমরাও আপনাদের জন্য কাজ করে যাবো। এ বয়সেও অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী ও তাঁদের সন্তানদেরকে আপনারা অর্থ অনুদান দিয়ে যে মহৎ কাজ করে যাচ্ছেন সেটি অনেক গর্বের বিষয়।
জেলা প্রশাসক আরও বলেন, আপনাদেরকে শীতবস্ত্র প্রদানের ব্যবস্থাসহ পর্যায়ক্রমে সব ধরণের সহযোগিতা করা হবে। আপনারা যেভাবে ভালো ও সুন্দর সময় কাটাতে পারেন সেই চেষ্ঠা আমরা করে যাবো। প্রবীণ হিতৈশী সংঘের জন্য জায়গা বরাদ্দের দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসক বলেন, আপনাদের যে কোনো কাজের বিষয়ে অবশ্যই অগ্রাধিকার দিয়ে করা হবে।
সমিতির সভাপতি ডা. সৈয়দ মোনাওয়ার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সমিতির উপদেষ্টা প্রফেসর পরিমল কান্তি দে, উপদেষ্টা নুরুল আমীন, সদস্য মোর্শেদ আলম, নুরুল ইসলাম গাজী, একে ওসমান গণি। এসময় উপস্থিত ছিলেন, প্রফেসর ন্যাথানেল এড উইন ফেয়ারক্রস, সৈয়দ মহিবুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্যদের মধ্যে শিক্ষাবৃত্তি, এককালীন অনুদান, কন্যার বিবাহ, চিকিৎসা ও প্রাকৃতিক দুর্যোগ সহায়তা হিসেবে ৭ লাখ ৩১ হাজার ৭শ টাকা নগদ বিতরণ করা হয়।

