কেরানীগঞ্জে রাজউকের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ, পরিদর্শকের বিরুদ্ধে অনৈতিক সুবিধার অভিযোগ
প্রকাশ: ১৬ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন | জনদুর্ভোগ
মাহফুজার রহমান :
ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নিষেধাজ্ঞা অমান্য করে একটি ঝুঁকিপূর্ণ ভবনের নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে কাজ বন্ধে দায়িত্বে থাকা রাজউক পরিদর্শকের বিরুদ্ধে অনৈতিক সুবিধা নিয়ে নির্মাণকাজ অব্যাহত রাখার সুযোগ দেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
জিঞ্জিরার পশ্চিম নামাবাড়ী এলাকায় মিসেস সামিরার নির্মাণাধীন একটি প্লটকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। গত ১৬ জুলাই রাজউকের জোন-৫-এর অথোরাইজড অফিসার-৫/৩ মো. রকিবুল হাসান স্বাক্ষরিত এক নোটিশে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়।
রাজউকের নোটিশে জানানো হয়, ঢাকা মহানগর ইমারত বিধিমালা অনুযায়ী নির্মাণকাজ শুরুর ১৫ দিন আগে ৩০৭ নম্বর ফরমের মাধ্যমে রাজউককে অবহিত করার বাধ্যবাধকতা থাকলেও তা মানা হয়নি। এ ছাড়া রাজউক অনুমোদিত নকশা সাইটে সংরক্ষণ না করা এবং দৃশ্যমান স্থানে নির্মাণসংক্রান্ত তথ্যসহ সাইনবোর্ড টাঙানো হয়নি। ইমারত নির্মাণ আইন, ১৯৫২-এর ৩ ধারা অনুযায়ী ভবনটি কেন অবৈধ ঘোষণা করে অপসারণ করা হবে না—তা জানতে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশসহ সব কাজ বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছিল।
তবে রাজউকের কঠোর নির্দেশ সত্ত্বেও সরেজমিনে এবং স্থানীয়দের অভিযোগে জানা গেছে, সাইটটিতে নির্মাণকাজ বন্ধ হয়নি। স্থানীয়দের দাবি, দায়িত্বরত রাজউক পরিদর্শক আব্দুল আলিম অনৈতিক সুবিধার বিনিময়ে এই কাজ চালানোর সুযোগ দিচ্ছেন।
অবশ্য অভিযোগ অস্বীকার করে পরিদর্শক আব্দুল আলিম জানান, কাজ বন্ধের নোটিশ জারি করা হয়েছে। প্রতিদিন সরেজমিনে তদারকি করা সম্ভব নয় উল্লেখ করে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। এ বিষয়ে ভবন মালিক মিসেস সামিরার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
