ওসমানীনগরে শীতের আগমনে ব্যস্ত লেপ তোশক কারিগররা
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২, ০৭:১৬ অপরাহ্ন | ভিন্ন খবর
শিব্বির আহমদ (ওসমানীনগর, সিলেট): সিলেটের ওসমানীনগর উপজেলায় লেপ তোশক তৈরিতে ব্যস্ত কারিগররা বেড়েছে লেপ-তোশক কারিগরদের ব্যস্ততা।
শীতের আগমনী ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে উপজেলার সর্বত্র। শীতের আগমনী বার্তা দিচ্ছে আবহাওয়া। দিনে কিংবা রাতের প্রথমাংশে বেশ গরম কিংবা শীত অনুভূত না হলেও মাঝ রাতে ঠিকই কাঁথা মুড়িয়ে শুইতে হয়। দিনে দিনে শীত আরো বৃদ্ধি পাচ্ছে। শীত নিবারনের জন্যে মানুষ নতুন পুরাতন কাপড় কেনার জন্য দোকানগুলোতে ভিড় করছে। তাছাড়া শীতের কবল থেকে রক্ষা পাওয়ার জন্যে উষ্ণতা ছড়াতে প্রাচীনকাল থেকেই লেপ, তোশক ও কম্বলের জুড়ি নেই। তাই এ সময়ে ব্যস্ত সময় কাটাচ্ছে উপজেলার বিভিন্ন বাজারের লেপ তোশকের কারিগররা।
উপজেলার বিভিন্ন হাটে-বাজারে ঘুরে দেখা যায়, কারিগররা আপন মনে কাজে ব্যস্ত। কাজের ফাঁকেই চলছে ক্রেতাদের সাথে দরদাম কষাকষি।
মালিকরা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সাথে পাল্লা দিয়ে বেড়েছে তুলা ও কাপড়ের দাম। আর তাই ব্যবসায় তেমন একটা লাভ হচ্ছে না। উপজেলার প্রতিটি এলাকাতেই দেখা গেছে, লেপ তোশক তৈরির কারখানাগুলোতে কারিগরদের দম ফেলার ফুসরত নেই।
বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে, বিভিন্ন তুলার দাম গার্মেন্ট তুলা ১০০/১২০ টাকা, ফোম তুলা ১৯০ টাকা, শিমুল তুলা ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
দয়ামীর বাজারের দোকানদার কাদির মিয়া জানান, এখন প্রতিদিন কারখানায় ১৫ থেকে ১৮ টি লেপ তৈরি হচ্ছে। সারা বছর তেমন একটা কাজ না হলেও এখন শীতের মৌসুম, তাই ভালোই রোজগার হচ্ছে।

