শ্রীপুরে অন্তত ২০ কারখানায় বহিরাগতদের হামলা, ৩ দিনের ছুটি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন | জাতীয়
বেতন বৃদ্ধির ঘোষণার পর কাজে ফিরেও হামলা ও ভাঙচুরের মুখে পড়েছে শ্রীপুরের শিল্পাঞ্চল। বুধবার (২৫ নভেম্বর) সকালে বহিরাগতদের হামলা ও ভাঙচুরের অভিযোগে শ্রীপুর পৌর এলাকার অন্তত ২০টি কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। হামলায় কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী মাঠে নামলে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
সকালে পৌর এলাকার বৈরাগীর চালা, গড়গড়িয়া মাস্টারবাড়ী, কেওয়া পূর্বখণ্ড, বেরাইদের চালা ও আনসার রোডসহ বিভিন্ন এলাকায় কারখানায় হামলার ঘটনা ঘটে। হামলা ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, বেতন বৃদ্ধির ঘোষণার পর বুধবার সকালে শ্রমিকেরা কাজে যোগ দেন। পরে বৈরাগীর চালা এলাকার হ্যামস কারখানায় হামলা চালায় কিছু বহিরাগত। হামলার সময় কারখানার মূল ফটক ও প্রশাসনিক ভবনে ভাঙচুর করে তারা। এ ঘটনায় কয়েকজন আহত হন।
এরপর কেওয়া পূর্বখণ্ড এলাকার নোমান হোম টেক্সটাইল ও ফখরুদ্দিন টেক্সটাইলের মূল ফটকে হামলা চালায় বহিরাগতরা। কারখানার নিরাপত্তাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। নোমান টেক্সটাইলে ইটের আঘাতে রফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ী আহত হন।
হ্যামস গার্মেন্টসের মানবসম্পদ বিভাগের জিএম মাহফুজুর রহমান হামলার তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। খোঁজখবর নিয়ে গণমাধ্যমকে এ বিষয়ে বিস্তারিত জানাবো।
গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল আলম বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তারা শ্রমিক নন। কিছু বহিরাগত যুবক বিভিন্ন কারখানার গেটে গিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে। পুলিশের সতর্ক অবস্থানের কারণে তারা বেশিক্ষণ অবস্থান করতে পারেনি।
তিনি বলেন, বর্তমানে শ্রীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যানবাহন চলাচল করছে।
